ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম শহরের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শহরটির উপকণ্ঠের একটি নির্দিষ্ট এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে ‘মার্কিন-ইসরাইয়েলি শত্রুপক্ষ’। তবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল বা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হামলার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে যাচাইকৃত তথ্য পাওয়া মাত্রই তা প্রকাশ করা হবে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম ইরানের সবচেয়ে বড় দ্বীপ। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালির কাছেই দ্বীপটির অবস্থান। এই প্রণালিটি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত, যা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কেশম দ্বীপে বাণিজ্যিক বন্দর, শিল্পকারখানা এবং সামরিক স্থাপনা রয়েছে। ফলে ইরানের সামুদ্রিক কার্যক্রম ও উপকূলীয় প্রতিরক্ষার ক্ষেত্রে দ্বীপটির বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে।





