সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে 'নিখুঁত' হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের বাহিনী বিমানবন্দরটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশন লক্ষ্য করে একাধিক ড্রোন হামলারও দাবি করেছেন।
এই বিবৃতির কয়েক ঘণ্টা আগেই সৌদি কর্তৃপক্ষ রিয়াদের দিকে আসা হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার ঘোষণা দিয়েছিল। এর জবাবে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
এর আগে রোববারও হুতিরা রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি করেছিল। একই দিনে তারা খামিস মুশাইত শহরের কিং খালেদ বিমানঘাঁটি এবং জাজানের একটি নৌঘাঁটিতেও হামলা চালানোর দাবি জানায়। হুতিদের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, সৌদি নেতৃত্বাধীন জোট গত ২৪ ঘণ্টায় হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে। তবে রিয়াদ বিমানবন্দর ও অন্যান্য স্থাপনায় হুতিদের হামলার দাবি এবং সৌদি জোটের পাল্টা হামলার বিষয়ে নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিস্তারিত তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।





