মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইলিশ বাংলাদেশের গর্ব। মাদারীপুর অঞ্চল ইলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পদ্মা নদীর সুস্বাদু রুপালি ইলিশের দেশজুড়ে সুনাম রয়েছে। এই জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে নিবন্ধিত জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। জেলেদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য নির্ধারিত ২২ দিন নদীতে মাছ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিষিদ্ধ সময়ে কেউ যেন অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরতে না পারে, সেদিকে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে কঠোর নজরদারি রাখতে হবে। তিনি অবৈধ জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেন। প্রতিমন্ত্রী আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। সম্মিলিতভাবে কাজ করলে দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে এবং জেলেদের জীবনমান উন্নত হবে।
সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা তার বক্তব্যে বলেন, প্রতি বছর মা ইলিশ সংরক্ষণের সময় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন। এবারও সরকারি নিষেধাজ্ঞা মেনে নদীতে মাছ ধরা বন্ধ রাখতে হবে। ইলিশ একটি জাতীয় সম্পদ, তাই এই সম্পদ রক্ষায় জেলেসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী মিঠু, শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৪: ১২আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৪: ২৩





