স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। রোববার (৪ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা। এসময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের সামগ্রিক অগ্রগতি, চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। একইসঙ্গে এসব রোগ মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। এছাড়া দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠকে মন্ত্রী জানান, চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনিকা হার্ডিং, সংসদ সদস্য অ্যালান গাম্মেল এবং সংসদ সদস্য আরটি ডেভিড মুন্ডেল।





