চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে এক মাস ধরে নিখোঁজ থাকা চান মিঞা (৫৫) ওরফে চান্দ আলী নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের কাছে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে এই পচাগলা দেহটি উদ্ধার করা হয়। নিহত চান্দ আলী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত মাসে উপার্জনের উদ্দেশ্যে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন চান্দ আলী। অনেক খোঁজাখুঁজি করেও তার এবং তার ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা সড়কের পাশে মস্তকবিহীন অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পোশাক ও অন্যান্য আলামত দেখে পরিবারের সদস্যরা মরদেহটি চান্দ আলীর বলে শনাক্ত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না বা ভ্যান ছিনতাই কিংবা অন্য কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।





