নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ মোট ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ নভেম্বর বুধবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোট তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
আটক ৯ ব্যক্তি হলেন—লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মো. রাশেদ, ফরাজি গ্রামের ফজলুল হক, রেজুকালিয়া গ্রামের মো. বাবুল, সুবর্ণচর উপজেলার দক্ষিণচর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান দমনে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কোস্ট গার্ডের ক্যাম্প কমান্ডার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক ৯ জনকে থানায় হস্তান্তরের পর তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





