সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর দপ্তরের একটি ডিজাইন টিম। ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়কসমূহ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।
গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুটি ভিন্ন সড়কে এই পরিদর্শন চলে। সড়ক দুটি হলো—সালুটিকর বাজার-গোয়াইনঘাট জিসি রোড এবং রাধানগর বাজার জিসি-হাদারপার বাজার জিসি রোড। পরিদর্শনকালে এলজিইডি সদর দপ্তরের ডিজাইন টিম (সড়ক ও ভবন)-এর সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন ও ইমরান হোসেন সড়ক দুটির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন। এ সময় তারা টেকসই ও মানসম্মত কাজের জন্য বিভিন্ন কারিগরি দিক পর্যালোচনা করেন।
এই পরিদর্শন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদ এবং গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে এই উন্নয়ন প্রকল্প সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।





