পরিচ্ছন্নতাকর্মীদের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার

Published: October 19, 2026, 1:00 pm

সমাজের পরিচ্ছন্নতাকর্মীরা যাতে মাথা উঁচু করে সমাজে বসবাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোমবার বিকালে রাজধানীর দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানান। দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এদিন দুটি পৃথক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম পরিচ্ছন্নতাকর্মীদের দীর্ঘদিনের আবাসন সংকট দূরীকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, তাদের জন্য আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়া স্থানীয় পরিচ্ছন্নতাকর্মী পরিবারের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রতিটিকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি স্থানীয় দুটি মন্দিরে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। এছাড়া আবাসন সংকট নিরসনে দয়াগঞ্জে নতুন দুটি ভবনসহ ঢাকা দক্ষিণে আরও ১৭টি ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন যে, সরকার পরিচ্ছন্নতাকর্মীদের বিনা খরচে চিকিৎসা এবং কোনো কর্মীর মৃত্যুতে এককালীন চার লাখ টাকা অনুদানের ব্যবস্থা করেছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহা. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মোহা. আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সিটি কর্পোরেশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh