শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আগামী ১০ বছরেও দেশে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক শিক্ষক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি ঘোষণা দেন যে, যেসব শিক্ষক ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আমরা কারও ওপর অন্যায় করতে চাই না, তবে আমাদের দুর্বল ভাবলে কাউকে ছেড়ে দেওয়া হবে না।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি অনেকের কাছে খারাপ লাগলেও, প্রবীণ নেতা এম কে আনোয়ার ৮৬ বছর বয়সে হ্যান্ডকাফ পরা অবস্থায় কোর্টের বারান্দায় ঘুরেছেন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, তাকেও ৪০টি মিথ্যা মামলা দিয়ে হ্যান্ডকাফ পরিয়ে টেনে টেনে কোর্টে নেওয়া হয়েছিল। তিনি বলেন, সেই নির্যাতনের কথা আমরা সহজে ভুলে যাইনি। প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস না করলেও কাউকেই বেপরোয়া হতে দেওয়া হবে না।
বিগত আমলের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে পাঠ্যপুস্তকে ভুল ও মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে, যা শিক্ষাবিদদের দিয়ে তৈরি করানো হয়েছিল।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু। সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।





