নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে জার্মানি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের প্রথম এফ-৩৫এ লাইটনিং টু স্টিলথ যুদ্ধবিমান গ্রহণ করেছে। ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে নিজেদের সামরিক বাজেট বাড়ানো এবং ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার যে পরিকল্পনা বার্লিন নিয়েছে, এটি তারই একটি অংশ।
গত শুক্রবার টেক্সাসের ফোর্ট ওয়ার্থ এলাকায় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের কারখানায় বিমানটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তিনি বলেন, জার্মান বিমানবাহিনীর জন্য এটি একটি নতুন যুগের সূচনা। পিস্টোরিয়াসের মতে, এফ-৩৫এ বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান, যা রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এবং শক্তিশালী সেন্সর প্রযুক্তির কারণে অনন্য।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জার্মানি তাদের পুরোনো ‘টরনেডো’ বিমান বহর প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় বার্লিন ৩৫টি এফ-৩৫এ যুদ্ধবিমানের ফরমায়েশ দিয়েছিল। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাদের ইউরোপীয় মিত্রদের সামরিক বাজেট বাড়ানোর জন্য আহ্বান জানিয়ে আসছে। এর অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলো ২০২৫ সালের মধ্যে জিডিপির পাঁচ শতাংশ নিরাপত্তার পেছনে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে, যা জার্মানি এখন বাস্তবায়ন করছে।





