ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব এলাকার কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর তথ্য অনুযায়ী, বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিকভাবে পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। তবে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে থাকেন। বন্ধ কারখানাগুলোর সামনে টাঙানো নোটিশে উল্লেখ করা হয়েছে যে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। তাই কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলে অস্থিতিশীলতার কারণে এখন পর্যন্ত ৫৫টি কারখানা বন্ধ করা হয়েছে। তিনি আরও জানান, আরও পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে আছেন। বাকি সব কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন এবং কোথাও কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা তাঁদের চোখে পড়েনি।





