গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর

Published: October 27, 2026, 2:32 am

গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহীদ মিনারের টাইলস ভাঙার ঘটনা ঘটেছে। গতকাল সকালে শহীদ মিনারের একটি পিলারের কিছু অংশ হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয় শহরবাসী তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

জানা গেছে, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর একটি লাইভ ভিডিওতে শহীদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দেন এবং এটি ভেঙে ফেলার হুমকি দিয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় পরামর্শে কর্তৃপক্ষ গত ১৯ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত রবিবার থানা থেকে পুলিশ কর্মকর্তারা গিয়ে বিষয়টি তদন্ত করেন। এর পরপরই গতকাল সকালে অভিযুক্ত প্রশিক্ষক আরও উগ্রমূর্তি ধারণ করে এটিআইয়ের শহীদ মিনারের বেশকিছু অংশ ভেঙে ফেলেন।

ঘটনার পরপরই অভিযুক্ত আহসান হাবীব গা ঢাকা দিয়েছেন। মোবাইল ফোনে তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তসাপেক্ষে অভিযুক্ত আহসান হাবীবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে অবগত করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy