দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে হামলার ঘটনায় অভিযুক্ত সহ-পাইলটের পরিচয় উন্মোচন করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী এই সহ-পাইলটের নাম হামাম আল-হাম্মামি এবং তিনি ওমানের নাগরিক।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, হামাম আল-হাম্মামির উগ্রবাদী মতাদর্শ নিয়ে উদ্বেগের কারণে গত বছর তাকে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ারের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এই উদ্বেগের জের ধরে তাকে ফ্লাইট প্রশিক্ষণ থেকেও প্রত্যাহার করা হয়েছিল। তবে পরবর্তীতে তাকে ওমান এয়ারে অন্য একটি দায়িত্ব দেওয়া হয়।
আল-হাম্মামির কর্মজীবনের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, তিনি এর আগে রয়্যাল এয়ার মারোকেও কাজ করেছেন এবং প্রায় আট মাস আগে ফ্লাইদুবাইয়ে যোগ দেন। তার লিঙ্কডইন অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, তিনি ওমান এয়ারে সাত বছর দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওমান এয়ার ছাড়ার পর ওই বছরের জুন মাসে তিনি মরক্কোর রয়্যাল এয়ার মারোকে যোগ দেন এবং ২০২৬ সালের জুন মাসে সেই প্রতিষ্ঠান থেকে চাকরি ছাড়েন। তবে তার লিঙ্কডইন প্রোফাইলে ফ্লাইদুবাইয়ের সাথে কাজের কোনো উল্লেখ ছিল না। যদিও একটি সূত্র নিশ্চিত করেছে যে অ্যাকাউন্টটি হামাম আল-হাম্মামিরই ছিল, বর্তমানে সেটি ডিলিট করে দেওয়া হয়েছে। লিঙ্কডইন কেন এই অ্যাকাউন্টটি মুছে ফেলেছে, সে বিষয়ে সিএনএন তাদের কাছে জানতে চেয়েছিল।
শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানা গেছে, আল-হাম্মামি যুক্তরাজ্যের বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি থেকে ২০২৩ সালে এভিয়েশন ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেছেন, যা বিশ্ববিদ্যালয়টির একটি সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার বিষয়ে ফ্লাইদুবাইয়ের কাছে মন্তব্য চাওয়া হলে তারা তদন্ত চলমান থাকার কথা উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া সিএনএন ওমান এয়ার, রয়্যাল এয়ার মারোক এবং দুবাই সরকারের কাছেও এ বিষয়ে মন্তব্য চেয়েছিল।





