নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস

Published: October 13, 2026, 4:31 am

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ ও হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি এ পরিস্থিতির মুখোমুখি হন।

বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে পৌঁছানোর পর কয়েকজন প্রবাসী তাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে এসে কিছু ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন।

ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায়। ওই ব্যক্তি তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়ে বাংলাদেশে মানুষ হত্যার অভিযোগ তোলেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন করেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’

অভিযোগকারী ওই ব্যক্তি বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার বিষয়গুলো উল্লেখ করেন। এছাড়া তিনি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলেন। তবে ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের পরিচয় বা ঘটনার বিস্তারিত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে দেশ ও বিদেশে বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy