এলপিজির দাম বৃদ্ধিতে জনজীবনে নতুন সংকটের আশঙ্কা জামায়াতের

Published: November 2, 2026, 3:12 pm

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এমন পরিস্থিতিতে মাত্র এক মাসের ব্যবধানে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই বাড়তি ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শুধু দাম বাড়িয়েই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাজারে বর্তমানে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে, অথচ এ বিষয়ে কোনো কার্যকর তদারকি বা জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে সাধারণ ভোক্তার ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি দাবি করেন।

জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বৃদ্ধি সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin