ঢাকায় নির্দিষ্ট পার্কিং স্থান নির্ধারণের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডাকা বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তটি নিশ্চিত করেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।
এর আগে সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর জানিয়েছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় চার হাজার রোগীর সেবায় প্রতিদিন তাদের ১২০ থেকে ১৩০টি অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকে। তবে হাসপাতালে নির্দিষ্ট কোনো পার্কিংয়ের জায়গা না থাকায় বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখতে হয়। ফলে ট্রাফিক পুলিশ নিয়মিত মামলা দেয় এবং অ্যাম্বুলেন্স ডাম্পিংয়ে পাঠায়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে নির্দিষ্ট পার্কিংয়ের দাবি জানিয়ে আসছিলেন অ্যাম্বুলেন্স মালিকেরা।
ধর্মঘটের কারণে বুধবার দিনভর ঢাকা মেডিকেলে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া কিংবা মুমূর্ষু রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়েন অনেকে। উপায় না পেয়ে কেউ কেউ সিএনজিচালিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যানে করে স্বজনের মরদেহ পরিবহন করতে বাধ্য হন।
বুধবার সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পুরোনো ও নতুন ভবনের সামনে এবং বহির্বিভাগে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় স্বজনদের ভিড় দেখা যায়। উদ্ভূত পরিস্থিতিতে চরম বিপদে পড়া কয়েকজন রোগীর স্বজন অভিযোগ করেন, জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা হলেও তারা কাঙ্ক্ষিত সাহায্য পাননি।





