ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা

Published: October 3, 2026, 5:28 am

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করার প্রবণতা এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধগুলো কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে।

শনিবার রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিকাহ রেজিস্ট্রারদের জন্য ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মন্ত্রী জানান, বিবাহ নিবন্ধনের অনলাইন তথ্যগুলো পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে। এছাড়া দেশের সব কাজীকে এই ডিজিটাল নিবন্ধনের আওতায় নিয়ে আসার জন্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের।

একই অনুষ্ঠানে আইনমন্ত্রী ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙার ঘোষণা দেন। তিনি জানান, এই পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের প্রভাবমুক্ত করতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন প্রক্রিয়া শুরু করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh