ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং যুবদলের পাশাপাশি মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট দল ও সংগঠনের পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের মোট ১৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে আলোচনার মধ্যে এই বড় ধরনের সাংগঠনিক রদবদল এল, যদিও দলীয় বিজ্ঞপ্তিতে সরাসরি সেই ঘটনার উল্লেখ নেই।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। একই দিনে অন্য একটি বিজ্ঞপ্তিতে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কুকে বহিষ্কারের তথ্য জানানো হয়। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। জানা গেছে, মামুন মালয়েশিয়ায় অবস্থান করে মিরপুরের পল্লবী, মিরপুর ১২, সাগুফতা ও বাউনিয়া এলাকায় চাঁদাবাজি, ঝুট ব্যবসা, জমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এবং দেশে তাঁর ভাই জামিল রহমান ও মশিউর রহমান এই বাহিনী পরিচালনা করতেন।
যুবদল ও ছাত্রদলের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবদলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্তির ঘোষণা আসে। এছাড়া ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমানকে বহিষ্কার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের পক্ষ থেকেও কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া শ্রমিক দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন—শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ। শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।





