চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইয়ের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তির ঠিক আগমুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করেছে বামপন্থি রাজনৈতিক দল ও সংগঠনগুলো। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই চুক্তির বিরোধিতা করেন।
এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, গণতান্ত্রিক ছাত্রজোট এবং গণতান্ত্রিক অধিকার কমিটি।
আন্দোলনকারীদের এই প্রতিবাদের মধ্যেই বৃহস্পতিবার বিকেল ৩টায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এনসিটির কনসেশন চুক্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। চুক্তি অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড আগামী ১৫ বছর এই টার্মিনালটি পরিচালনা করবে এবং ব্যবহারকারীদের কাছ থেকে মাশুল আদায়ের দায়িত্বও তাদের হাতে থাকবে।
চট্টগ্রাম বন্দরের এই গুরুত্বপূর্ণ টার্মিনালটি ইজারা দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়কালে এই প্রক্রিয়াটি গতি পায়। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই আনুষ্ঠানিক চুক্তিটি সম্পন্ন হচ্ছে।





