চট্টগ্রাম বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণা দিয়ে আনা একটি পণ্যচালানে খণ্ডিত বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কারসহ বিভিন্ন গাড়ির অংশ পাওয়া গেছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) মঙ্গলবার চালানটির কায়িক পরীক্ষা করে এ অসামঞ্জস্য শনাক্ত করে। বিষয়টি বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন এনবিআর কর্মকর্তা আল আমিন শেখ।
পরীক্ষায় চালানটিতে একটি দুই আসনের খণ্ডিত বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কার পাওয়া গেছে, যা প্রাথমিকভাবে ২০০৯ সালের মডেলের ‘এস ড্রাইভ ২৩আই’ বলে ধারণা করা হচ্ছে। গাড়িটির ইঞ্জিন ক্ষমতা প্রায় ২ হাজার ৫০০ সিসি। এছাড়া, চালানটিতে ২০১৬ সালের মডেলের একটি বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির খণ্ডিত সামনের অংশ পাওয়া গেছে, যার ইঞ্জিন ক্ষমতা প্রায় ৩ হাজার সিসি। একই সঙ্গে পাঁচটি খণ্ডিত ইসুজু ট্রাকও উদ্ধার করা হয়েছে, যেগুলোর কেবিনের ভেতরে বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ প্যাক করে রাখা ছিল।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, চালানটি সংযুক্ত আরব আমিরাতের ‘আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কোম্পানি এলএলসি’ থেকে রপ্তানি করা হয়েছে এবং এর আমদানিকারক প্রতিষ্ঠান হলো মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল। ঘোষিত পণ্যের সঙ্গে প্রাপ্ত পণ্যের বড় ধরনের পার্থক্যের কারণে মিথ্যা ঘোষণা, শুল্ক-কর ফাঁকি এবং কাটা গাড়ির বিভিন্ন অংশ এনে পুনঃসংযোজনের চেষ্টা করা হচ্ছে কি না—তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির বাকি অংশ কোথায় রয়েছে, তা নিয়েও তদন্ত চলছে। তদন্ত শেষে শুল্ক ফাঁকি বা আমদানি নীতিমালা লঙ্ঘনের প্রমাণ মিললে কাস্টমস আইন, ২০২৩ এবং অন্যান্য বিধিবিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





