প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা ব্র্যান্ডের গাড়ি কেনায় বিশেষ সুযোগ-সুবিধা নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে ডিএইচএস মোটরস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। এই চুক্তির আওতায় প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত ফ্রি গাড়ি রেজিস্ট্রেশন সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও, ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে গ্রাহকদের জন্য ৮০ লাখ টাকা পর্যন্ত বিশেষ অটো লোন বা গাড়ি ঋণের ব্যবস্থা রাখা হয়েছে।
গত ৪ অক্টোবর ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক; রিটেইল ব্যাংকিংয়ের হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান; ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড তানভীর রহমান; হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ। ডিএইচএস মোটরসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান এবং হেড অব অপারেশনস মোহাম্মদ ফাহিম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিংয়ের গণ্ডি পেরিয়ে তাদের লাইফস্টাইল ও যাতায়াতকে স্বাচ্ছন্দ্যময় করতে সাজানো হয়েছে। তিনি আরও বলেন, ডিএইচএস মোটরসের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে সহজ অর্থায়ন ও বিশেষ অটোমোটিভ সুবিধার সমন্বয় করা হয়েছে, যা গ্রাহকদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করবে। ভবিষ্যতেও প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এমন অংশীদারত্ব অব্যাহত থাকবে।
এই চুক্তির সুবিধা কেবল গাড়ি কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা ডিএইচএস মোটরসের আউটলেটগুলো থেকে সারা বছর গাড়ির খুচরা যন্ত্রাংশ কেনা ও মেইনটেন্যান্স সার্ভিসের ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট পাবেন। এই অফারটি আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। উল্লেখ্য, ডিএইচএস মোটরস লিমিটেড বাংলাদেশে জিএসি ও হোন্ডা গাড়ির একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউশন ও সার্ভিস সেন্টার হিসেবে কাজ করছে।





