কক্সবাজারের সুনীল অর্থনীতি: টেকসই উন্নয়নের নতুন এক রূপরেখা

Published: November 19, 2026, 7:30 pm

বঙ্গোপসাগরের তেল-গ্যাস, সামুদ্রিক খনিজ, বিদ্যুৎ উৎপাদন, সামুদ্রিক মাছ, লবণ শিল্প, মাতারবাড়ী বন্দর এবং পরিবেশ সংরক্ষণকে একসূত্রে গেঁথে কক্সবাজারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার অবারিত সুযোগ রয়েছে। এতদিন পর্যটন, মৎস্য আহরণ বা বন্দর প্রকল্পকে আলাদাভাবে দেখা হলেও, এই খাতগুলোর মধ্যে অর্থনৈতিক সংযোগ তৈরি করা গেলে প্রতিটি খাতের মূল্য বহুগুণ বৃদ্ধি পাবে। কক্সবাজারের ভবিষ্যৎ কেবল কত বড় বন্দর নির্মিত হলো বা কত মাছ আহরণ করা হলো তার ওপর নির্ভর করবে না, বরং সমুদ্র থেকে আহরিত সম্পদকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তর, স্থানীয় মানুষের আয় বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ওপর তা নির্ধারিত হবে।

বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনা বুঝতে হলে সমুদ্রসীমার গুরুত্ব অনুধাবন করা জরুরি। পরিকল্পনা কমিশনের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার তথ্যানুযায়ী দেশের সামুদ্রিক এলাকার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। তবে এই বিশাল এলাকার অর্থনৈতিক সম্ভাবনা যাচাইয়ে দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক জরিপ ও 'জাতীয় সামুদ্রিক সম্পদ হিসাব' প্রতিষ্ঠা করা প্রয়োজন। এই হিসাব ব্যবস্থায় মাছের মজুদ, উপকূলীয় বাস্তুতন্ত্র, সামুদ্রিক আবাসস্থল এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলের ভূমিকার মতো বিষয়গুলো নিয়মিত মূল্যায়ন করতে হবে।

জ্বালানি খাতের আমদানি নির্ভরতা কমাতে সরকার ২০২৬ সালের অফশোর বিডিং রাউন্ডে ২৬টি ব্লক—যার মধ্যে ১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্রের ব্লক—আন্তর্জাতিক কোম্পানির জন্য উন্মুক্ত করেছে। সফল অনুসন্ধান ও বাণিজ্যিক উৎপাদন সম্ভব হলে শিল্পের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা সম্ভব হবে। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, সমুদ্র তলদেশে জিরকন, ইলমেনাইট, রুটাইল, গারনেট, ম্যাগনেটাইট, কায়ানাইট ও মোনাজাইটের মতো মূল্যবান খনিজ রয়েছে। এসব কাঁচামাল রপ্তানি না করে দেশে প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা সম্ভব।

সুনীল অর্থনীতির অন্যতম ক্ষেত্র হলো সমুদ্রভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন। জোয়ার-ভাটা, ঢেউ, সমুদ্রের পানির তাপমাত্রার পার্থক্য এবং বায়ু টারবাইন ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা গেলে উপকূলীয় শিল্পাঞ্চল, বন্দর ও পর্যটন কেন্দ্রে সরাসরি বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। মৎস্য আহরণের ক্ষেত্রে বর্তমানে ২০০ মিটার গভীরতা পর্যন্ত সীমাবদ্ধতা থাকলেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গভীর সমুদ্রের সম্ভাবনা অনুসন্ধান ও মাছের মজুত সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ জরুরি। মাছ অবতরণের পর বরফায়ন, মান নিয়ন্ত্রণ ও ডিজিটাল বিপণন ব্যবস্থা নিশ্চিত করলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সামুদ্রিক খাদ্য পণ্যের বিশ্বাসযোগ্যতা বাড়বে।

লবণ শিল্পকে আধুনিকীকরণ করে আর্টেমিয়া চাষ ও চিংড়ি পোনা প্রতিপালনের মতো বহুমুখী জীবিকার সুযোগ তৈরি করা যেতে পারে। পর্যটন শিল্পকে কেবল হোটেল-রেস্তোরাঁর মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প ও সমুদ্র ভ্রমণের মতো নতুন পণ্য যুক্ত করা প্রয়োজন। মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা বাড়াতে একটি কৌশলগত উদ্যোগ। এই বন্দরকে কেন্দ্র করে জাহাজ মেরামত, শীতল সরবরাহ ব্যবস্থা, লজিস্টিকস প্রযুক্তি এবং রপ্তানিমুখী প্যাকেজিংয়ের মতো শিল্প স্থাপন করতে হবে। জাহাজ নির্মাণ শিল্পেও বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, যা আধুনিক নকশা ও আন্তর্জাতিক সনদ অর্জনের মাধ্যমে আরও বিকশিত করা সম্ভব।

কক্সবাজারের সুনীল অর্থনীতির সাফল্যের জন্য স্থানীয় মানুষের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। স্থানীয়দের সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নৌযান রক্ষণাবেক্ষণ ও ডিজিটাল বিপণনে প্রশিক্ষিত করতে হবে। একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে এগোলে এবং পরিবেশগত সুরক্ষার বিষয়টি মাথায় রাখলে কক্সবাজার কেবল প্রাকৃতিক সম্পদ আহরণের স্থান নয়, বরং সামুদ্রিক জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক অর্থনীতির কেন্দ্রে পরিণত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy