আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসন: বাস্তবায়ন করবে কে?

Published: November 21, 2026, 5:16 am

১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে যে রায় দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছে। কয়েক বছরের আইনি লড়াই শেষে পাওয়া এই রায় বহু পক্ষের জন্য তাৎপর্যপূর্ণ হলেও এর আইনগত বাস্তবায়ন প্রক্রিয়া অস্পষ্টই রয়ে গেছে। রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করার এই রায় রোহিঙ্গাদের জন্য একটি বিশাল নৈতিক বিজয়। এটি তাদের প্রতি বৈশ্বিক সহানুভূতি বাড়াবে এবং মিয়ানমারে তাদের অবস্থা যে নিরাপদ ছিল না ও এখনো বাকি জনসংখ্যার একটি অংশ হুমকির মুখে আছে, তা আইসিজের রায়ে সমর্থিত হলো।

রায়ের ভাষা মিয়ানমারের নাগরিক হিসেবে রোহিঙ্গাদের অধিকারের পক্ষে একটি বড় সনদ হয়ে উঠবে এবং তাদের মিয়ানমারে ফেরার দাবিকে নতুন শক্তি জোগাবে। এছাড়া এই রায়ের ফলে বিশ্ব মনোযোগ ও সহানুভূতি বাড়ায় আশ্রয়শিবিরমুখী সাহায্য-সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বহিষ্কারের তোড়জোড়ও এতে কমবে এবং উল্টো তাদের আশ্রয় দেওয়ার আগ্রহ বাড়তে পারে।

বাংলাদেশের জন্য এই রায় রোহিঙ্গা বিষয়ে অবস্থানকে আরও সবল করেছে। গণহত্যার মুখে থাকা একটি জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার পক্ষে এটি বড় ধরনের ন্যায্যতা তৈরি করেছে। ভবিষ্যতে তাদের ভরণপোষণে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ার সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের জন্য স্বস্তির বিষয়। নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য বড় বিষয় হলো, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে দর-কষাকষিতে তার অবস্থান শক্তিশালী হলো। রায়-পরবর্তী বাস্তবতায় বাংলাদেশ কোনো অবস্থায় রোহিঙ্গাদের জোর করে আর রাখাইনে ফেরত পাঠাতে পারবে না, যদিও ঢাকার সরকার কখনো তেমনটা চায়নি।

রায়ের পর প্রধান প্রশ্ন হলো, এর ব্যবহারিক গুরুত্ব কী এবং গণহত্যাকারীদের বিচার করবে কে? আপাতত এই প্রশ্নের স্পষ্ট উত্তর নেই। বিশ্বসমাজ রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার প্রক্রিয়ায় নতুন কোনো উদ্যোগ নেবে কি না, সেই প্রশ্নও নতুন করে উঠছে। সবার চোখ এখন মিয়ানমার সরকার ও সশস্ত্র বাহিনীর দিকে। তারা এই রায় দীর্ঘ মেয়াদে কীভাবে গ্রহণ করে, তার ওপরই নির্ভর করছে প্রত্যাবর্তন ও পুনর্বাসন। এখনো তাদের মাঝে রায় অগ্রাহ্য করার ভঙ্গি দেখা যাচ্ছে। মিয়ানমার সরকারের একজন মুখপাত্র টেলিগ্রাম চ্যানেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই রায় নিয়ে ‘চিন্তা করার কিছু নেই’ বলে মন্তব্য করেছেন।

তবে নিশ্চিতভাবে জেনারেল মিন অং হ্লাইংয়ের ওপর এই রায় একটি কূটনৈতিক আঘাত। চীন এই জান্তাকে আগের মতো স্বাচ্ছন্দ্যে সফরে আমন্ত্রণ জানাবে কি না বা সহযোগিতা করবে কি না, তা প্রশ্নসাপেক্ষ। এছাড়া আসিয়ান জোটে জেনারেল মিন সরকারের প্রতিনিধিত্ব নিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দিক থেকে প্রশ্ন উঠবে বলেই মনে হয়। এই দুই দেশকে রোহিঙ্গাদের বিষয়ে সহানুভূতিশীল মনে করা হয়। গণহত্যার দায়ে অভিযুক্ত সরকারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য অনেক দেশের জন্য সমস্যাপূর্ণ হতে পারে। সব মিলিয়ে আসিয়ানকে রোহিঙ্গা ইস্যুতে এত দিনকার উদাসীন ভঙ্গি বদলাতে হবে এবং জেনারেল মিন অং হ্লাইংকে জোটের বৈঠকে রাখা তাদের জন্য স্পর্শকাতর হয়ে উঠবে।

মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের জন্যও এই রায় উদ্দীপনামূলক। যদিও রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা অং সান সু চির শাসনামলে হয়েছিল, কিন্তু জান্তাবিরোধীরা ইতিমধ্যে নিপীড়িত এই জনগোষ্ঠীকে নিয়ে তাদের অবস্থান বদল করেছে। রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি রয়েছে। এছাড়া সাধারণভাবে গণতন্ত্র হরণকারী সামরিক বাহিনী ‘গণহত্যাকারী’ হিসেবে চিহ্নিত হওয়ায় দেশটির মানবাধিকার সংগ্রামীদের অবস্থানকে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি ন্যায্যতা দিয়েছে।

আন্তর্জাতিক আদালতের রায়ে পুরো রাখাইনও নড়েচড়ে উঠেছে। যদিও রায়ে রোহিঙ্গাদের সেখানে ফেরার দাবি নতুন করে গুরুত্ববহ হয়ে উঠেছে, কিন্তু এই রাজ্যের সামান্য অংশই কেবল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী তাতমাদো নিয়ন্ত্রণ করছে। পুরোনো রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল উত্তর আরাকানের অনেকাংশ আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে অনেক দিন হলো। এই রায় তাদেরও রোহিঙ্গা প্রশ্নে নতুন করে ভাবতে বাধ্য করবে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের তাদের দেশের নাগরিক এবং স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে স্বীকার করে না। আরাকান আর্মি নাগরিক হিসেবে স্বীকার করলেও স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে নয়, বরং ‘বাঙালি’ বলে মনে করে। আন্তর্জাতিক আদালতের পুনর্বাসনের তাগিদ আরাকান আর্মির প্রতিও তাদের অবস্থান পর্যালোচনার চাপ তৈরি করল। বিশেষ করে নিজেদের জাতিগত লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থন পেতে হলে রোহিঙ্গা পুনর্বাসনে সহযোগিতার নৈতিক দায় তৈরি হলো আরাকান আর্মির জন্য।

বর্তমান বাস্তবতায় রোহিঙ্গাদের সেখানে ফিরতে হলে, মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি তাতে রাজি হলেও রাখাইনের কিছু অংশে একটি নিরাপদ অঞ্চল সৃজনের আবশ্যকতা থাকবে। এ রকম নিরাপদ অঞ্চল ছাড়া দীর্ঘ মেয়াদে সেখানে রোহিঙ্গারা স্বস্তিতে থাকতে পারবে না। তবে এরূপ অঞ্চল তৈরি হলে সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে আন্তর্জাতিক উপস্থিতি প্রয়োজন হবে। এ ক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ডাকা হতে পারে। কিন্তু রাখাইনের ভেতর এ রকম সম্ভাব্য কোনো নিরাপদ অঞ্চল তৈরিতে গণচীন আদৌ সম্মতি দেবে কি না, সেটা এক বড় প্রশ্ন। চীন মিয়ানমারকে তার নিরাপত্তাবলয়ের অংশ মনে করে এবং রাখাইন বা আরাকানে তাদের বিপুল কৌশলগত বিনিয়োগ রয়েছে। সেখানে যেকোনো আন্তর্জাতিক উপস্থিতিতে চীনের কিছু বলার থাকবে। আবার চীনের ইঙ্গিত ছাড়া আরাকান আর্মি বা তাতমাদোও এ রকম কোনো কর্মসূচিতে সম্মতি জানাবে না।

রোহিঙ্গা প্রত্যাবর্তনে এই জনগোষ্ঠীর জাতিসত্তার স্বীকৃতি ও নাগরিক অধিকার জরুরি। এসব বিষয়ে তাতমাদো ও আরাকান আর্মিকে রাজি করানো তখনই সম্ভব, যখন চীন এ বিষয়ে সহানুভূতিশীল হবে। এই রায়ের পর চীনের ভূমিকাই আবারও পরোক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তবে এই রায় মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি চীনের এত দিনকার অব্যাহত অন্ধ সমর্থনকে ইতিমধ্যে নৈতিকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। রায় বাস্তবায়ন প্রশ্নে ইতিবাচক অবস্থান না নিলে আন্তর্জাতিক পরিসরে চীন ভবিষ্যতে আরও বেশি প্রশ্নের মুখে পড়তে থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo