দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তুলবে সরকার

Published: November 21, 2026, 11:12 am

জ্বালানি সংকট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে নতুন কর্মপরিকল্পনা গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। শনিবার ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস প্ল্যান্ট একটি কার্যকর সমাধান। যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এই কার্যক্রম সফল করতে যুবকদের মাঝে ঋণ বিতরণ প্রক্রিয়া সহজীকরণ এবং প্রয়োজনে ঋণের পরিমাণ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি রিপোর্ট সংগ্রহ করা হবে এবং কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। এছাড়া সারা দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে।

কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভার আয়োজন এবং সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন আমিনুল হক। সভায় আরও অধিক সংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের আরও সক্রিয় করা এবং বর্তমান সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy