আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের (iOS) একাধিক সংস্করণে গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্স। ‘ওয়র্স_কোয়েরি’ (wors_query) নামের এই দুর্বলতার সুযোগ নিয়ে আইফোনে থাকা ক্ষতিকর অ্যাপগুলো ব্যবহারকারীর সংবেদনশীল ফাইল, পাসওয়ার্ড এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের গোপন তথ্য হাতিয়ে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সাধারণত অ্যাপল তাদের আইওএস অপারেটিং সিস্টেমে ‘স্যান্ডবক্সিং’ নামের এক বিশেষ সুরক্ষাব্যবস্থা ব্যবহার করে থাকে। এই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি অ্যাপের জন্য আলাদা নিরাপদ পরিসর নির্ধারণ করা থাকে, যেন একটি অ্যাপ অন্য কোনো অ্যাপের ব্যক্তিগত ফাইল বা তথ্যে প্রবেশ করতে না পারে। তবে চিহ্নিত এই ‘ওয়র্স_কোয়েরি’ ত্রুটির কারণে ওই স্যান্ডবক্সিং নিরাপত্তাব্যবস্থা পাশ কাটানো সম্ভব হতে পারে। এই দুর্বলতাটি নিজে সরাসরি কোনো ম্যালওয়্যার নয়, তবে ফোনে আগে থেকে ইনস্টল করা কোনো ক্ষতিকর অ্যাপ এই সুবিধার অপব্যবহার করে অন্য অ্যাপের ফাইল খুঁজে বের করা, সেগুলোর কপি তৈরি করা কিংবা পরিবর্তন করার সুযোগ পায়।
বাইন্যান্স বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, অ্যাপলের অফিশিয়াল অ্যাপ স্টোরের বাইরে থেকে থার্ড পার্টি উৎসের মাধ্যমে ডাউনলোড করা অ্যাপগুলোর ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি। কারণ অ্যাপ স্টোরের অনুমোদিত অ্যাপের মতো এসব অ্যাপ অ্যাপলের নির্ধারিত কড়া নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যায় না। এ কারণে যেকোনো ধরনের সাইবার ঝুঁকি ও তথ্য চুরি এড়াতে আইফোনে অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা সব অ্যাপ অবিলম্বে মুছে ফেলার পরমর্শ দিয়েছে তারা।
এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের রিকভারি ফ্রেজ বা প্রাইভেট কি চুরি করতে পারে, যা দিয়ে ডিজিটাল মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। বাইন্যান্সের দেওয়া তথ্য অনুযায়ী, আইওএস ২৬.৭.১, আইওএস ২৭.০.১ এবং আইওএস ২৭.২ সংস্করণে এই নিরাপত্তাত্রুটি শনাক্ত করা হয়েছে। তবে কোডিং প্ল্যাটফর্ম গিটহাবে প্রকাশিত এক স্বাধীন সফটওয়্যার গবেষকের মতে, আইওএস ২৬.০ থেকে শুরু করে ২৬.৭.২ সংস্করণ পর্যন্ত আরও বিস্তৃত পরিসরের অপারেটিং সিস্টেমেও এই দুর্বলতা উপস্থিত থাকতে পারে।
অবশ্য এই নিরাপত্তাত্রুটি ব্যবহার করে এখন পর্যন্ত সাইবার হামলা কিংবা অর্থ চুরির কোনো ঘটনা নিশ্চিত হওয়া যায়নি। ক্রিপ্টোকারেন্সি বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিপ্টোডটনিউজ’কে বাইন্যান্সের এক মুখপাত্র জানিয়েছেন, ওয়র্স_কোয়েরি দুর্বলতা কাজে লাগিয়ে কোনো হামলাকারী ক্রিপ্টো ওয়ালেটে প্রবেশ করেছে বা ডিজিটাল মুদ্রা চুরি করেছে—এমন কোনো আলামত তারা পাননি। এদিকে পরিস্থিতি মোকাবিলায় গত সোমবার আইফোনের জন্য নতুন নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল, যার মধ্যে রয়েছে আইওএস ২৬.৭.৩ ও আইওএস ২৭.২.১ সংস্করণসহ বেশ কিছু পুরোনো আইফোনের নিরাপত্তা আপডেট। অ্যাপল তাদের নোটে ক্ষতিকর অ্যাপের তথ্য হাতিয়ে নেওয়া সংক্রান্ত একটি ত্রুটিসহ একাধিক দুর্বলতা সমাধানের কথা বললেও, নতুন আপডেটে নির্দিষ্টভাবে ‘ওয়র্স_কোয়েরি’ সমাধান করা হয়েছে কি না তা স্পষ্ট করেনি।





