বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন: বিজিবি

Published: November 21, 2026, 3:01 am

গোপালগঞ্জে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাহিনীটি। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই প্রচারণাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।

বিজিবি স্পষ্ট করেছে যে, গোপালগঞ্জে তাদের যেসব সদস্য দায়িত্বরত রয়েছেন, তাদের জন্য প্রয়োজনীয় খাবার ও রসদ বাহিনীর নিজস্ব অর্থায়নে সংগ্রহ করা হয়। স্থানীয় দোকান থেকে মূল্য পরিশোধের মাধ্যমে পানি কেনা হয় এবং তা ভ্যানযোগে বিজিবি সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা আওয়ামী লীগের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হয়েছিল যে, শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ। বিজিবি এই দাবিকে বাস্তবতাবিবর্জিত হিসেবে উল্লেখ করে জানিয়েছে, বাহিনীর নিজস্ব ক্রয় ও সরবরাহ কার্যক্রমকে রাজনৈতিক সহায়তা হিসেবে ভুলভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জোর দিয়ে বলেছে, কোনো রাজনৈতিক দলের নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে রসদ সংগ্রহের কোনো সুযোগ নেই। এই ধরনের অপপ্রচার বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা। বিজিবি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

বাহিনীটি আরও জানায়, কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার করা গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রীয় বাহিনীর পেশাদারিত্ব ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করাই গণমাধ্যমসহ সবার দায়িত্ব।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin