বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, আহত অন্তত ৮

Published: November 20, 2026, 3:42 am

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভেতরে এ মারামারির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন এবং একাধিক মুঠোফোন ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ওই দিন রাত ৮টার দিকে হলের জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক একটি মিছিল বের করার উদ্যোগ নেন। মিছিল বের করার সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ মাহমুদ ও সিফাতের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষই পরস্পরকে হুমকি দেয়। পরে মিছিল শেষে রাত সাড়ে ১১টার দিকে হলের ভেতরে ফিরলে দুই পক্ষের নেতা-কর্মীরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে আহত মেজবাউল হকের অভিযোগ, শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের নেতৃত্বে তাঁদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে। তবে হামলায় জড়িত থাকার বিষয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব।

অন্যদিকে তায়েফ মাহমুদ পাল্টা দাবি করে বলেন, মেজবাউল কেন্দ্রীয় নেতাদের অনুমতি না নিয়েই মিছিল বের করেছিলেন। এ নিয়ে আপত্তি জানালে মেজবাউলের অনুসারীরাই প্রথমে তাঁদের ওপর হামলা চালান। সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, মিছিল শেষে হলে ফেরার পর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে অন্তত ৮ জন আহত হন এবং কয়েকটি মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।

সার্বিক বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসল দোষীদের নিশ্চিত হয়ে তাঁদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo