বড়াইগ্রামের বেশ কিছু এলাকায় আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Published: October 3, 2026, 3:46 am

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় আজ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন এবং লাইনের ওপর থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই দুই উপকেন্দ্রের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, চান্দাই, নগর ও গোপালপুর ইউনিয়ন এবং দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এসব এলাকার সাধারণ বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িক ভোগান্তিতে পড়তে পারে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেকোনো সময় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy