রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত চালক তাদের বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় অবস্থান নেন। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং সৃষ্টি হয়েছে তীব্র যানজটের, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আন্দোলনরত চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। এদিকে সকাল থেকেই রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে।
অটোরিকশা চালকদের এই আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম জানান, চালকদের সমাবেশ থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। এছাড়া শাহবাগ থানা পুলিশও জানিয়েছে, চালকরা রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।





