হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর হামলা

Published: October 3, 2026, 5:47 am

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালী এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা চালানো হয়েছে। সংস্থাটি শুক্রবার জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে এই ঘটনা নতুন করে নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথটি বর্তমানে চরম উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল আকার ধারণ করে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই রুট দিয়েই পরিবহন করা হতো।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তেহরান বাণিজ্যিক জাহাজের চলাচলে বাধা দিচ্ছে এবং অনুমতি ছাড়া প্রণালীতে প্রবেশের অজুহাতে বেশ কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এর জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে, যাতে দেশটি তেল রপ্তানি করতে না পারে।

প্রথম ট্যাংকারটির ওপর হামলার পর সেটিতে সাময়িকভাবে আগুন ধরে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি। জাহাজটি হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যাওয়ার সময় হামলার শিকার হলেও পরে পুনরায় যাত্রা শুরু করতে সক্ষম হয়। তবে জাহাজটির যাত্রা ও গন্তব্য সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্ব দিকে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে একই ধরনের ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে আঘাতের খবর পাওয়া যায়। ওই জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন এবং সেখানেও কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ ও এর পেছনে কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin