সিলেট মহানগর জামায়াতের নতুন কমিটি ঘোষণা: আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান

Published: November 8, 2026, 3:51 pm

জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার ২০২৭-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি, মহানগর কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মহানগর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়া নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. নূরুল ইসলাম বাবুল ও ডা. ফখরুল ইসলাম।

মহানগর শাখার সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। সহকারী সেক্রেটারি পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।

গত শনিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে এই কমিটি ও পরিষদ গঠন করা হয়। রোববার দলীয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শূরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলনে দায়িত্ব কোনো পদপদবি নয়, বরং এটি একটি আমানত। এই আমানত যথাযথভাবে রক্ষা করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তারা বলেন, দায়িত্ব পালনে সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মহানগর নেতারা ছাড়াও নবগঠিত শূরা পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh