কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পৃথক দুটি অভিযানে আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) এক সক্রিয় সদস্যসহ মোট দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নূর মোহাম্মদ (৪২) নামের একজনকে উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করা হয়। তিনি ক্যাম্পের ডি/০৭ ব্লকের ৫৮১ নম্বর শেডের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ৭ নভেম্বর নারীঘটিত একটি অভিযোগকে কেন্দ্র করে আরসার সদস্য ও সাধারণ লোকজন নূর মোহাম্মদকে অপহরণ করে জামতলী ক্যাম্পে নিয়ে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ নিজেকে এআরওর সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছেন এবং অতীতে আরসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথাও জানিয়েছেন বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে ক্যাম্প এলাকায় বিভিন্ন নারীঘটিত অভিযোগ রয়েছে। এছাড়া উখিয়া থানায় তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ২০২২ সালের ২১ মার্চ ও ২৫ সেপ্টেম্বর দায়ের করা দুটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, একই দিন সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে সামসুল আলম ওরফে সামসু নামের আরেক রোহিঙ্গাকে সন্দেহজনকভাবে চলাফেরার অভিযোগে আটক করা হয়। তিনি উখিয়ার ১ নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা। পরিচয় ও এফসিএন নম্বর যাচাই শেষে বিকেল ৩টা ১০ মিনিটে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএনের ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





