অর্থনীতিকে গণতান্ত্রিক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনীতির গণতন্ত্রের একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব। তবে অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কোনো দিনই কাজ করে না।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী উল্লেখ করেন যে, অর্থনীতির কাঠামো গণতান্ত্রিক না হলে দেশের সামগ্রিক উন্নতি বাধাগ্রস্ত হয়।
তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়। তিনি জানান, সরকার তথ্যের স্বচ্ছতা আনার জন্য কাজ করছে এবং এই লক্ষ্যে পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হয়েছে। কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল বলেও তিনি মন্তব্য করেন।
একই সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম বলেন, সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরিতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মানুষ যেন নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।





