সমসাময়িক মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক চিন্তাবিদ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দীর্ঘ রাজনৈতিক জীবনে ইসলাম, গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, বহুত্ববাদ এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক নিয়ে ধারাবাহিকভাবে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেছেন। তার দর্শনে ইসলাম কোনো সংকেচিত ব্যক্তিগত ইবাদতের বিষয় নয়; বরং তা ন্যায়বিচার, প্রজ্ঞার চর্চা, মানবিক মর্যাদা, সামাজিক দায়িত্ব এবং রাষ্ট্র পরিচালনার নৈতিক ভিত্তি গঠন করে। তিনি স্পষ্ট জোর দিয়ে আসছেন যে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও বহুমাত্রিক বহুত্ববাদ, সাম্য ও গণতান্ত্রিক কাঠামোর ওপর ভর করে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। একই সঙ্গে তিনি মুসলিম সমাজের ভেতরের বিভেদ, চরমপন্থা, দুর্নীতির কঠোর সমালোচনা করার পাশাপাশি ইসলামবিদ্বেষ মোকাবিলায় বিদ্বেষ নয়, বরং যুক্তি, শিক্ষা ও আন্তধর্মীয় সংলাপকে মূল হাতিয়ার করার আহ্বান জানিয়েছেন।
ইসলামের সঙ্গে গণতন্ত্রের কোনো মৌলিক বিরোধ নেই—এই অবস্থান আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক চিন্তার মূলস্তম্ভ। ২০০৬ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ‘জার্নাল অব ডেমোক্রেসি’-তে তার ‘ইউনিভার্সাল ভ্যালুজ অ্যান্ড মুসলিম ডেমোক্রেসি’ শীর্ষক প্রবন্ধে তিনি উল্লেখ করেন, আত্মশাসন ও স্বাধীনতার আকাঙ্ক্ষা সর্বজনীন মানবীয় স্বভাব। তাই তথাকথিত ‘সভ্যতার সংঘাত’ অনিবার্য মনে করার যুক্তি অবান্তর। মুসলিমদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে অস্বীকার করে ইসলামকে স্বভাবগতভাবে গণতন্ত্রবিরোধী দাবি করা কার্যত উগ্রবাদীদের যুক্তিকেই শক্তিশালী করে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতা, জবাবদিহি ও জনগণের অংশগ্রহণের আদর্শ কেবল পশ্চিমা সমাজের একচেটিয়া সম্পত্তি নয়। তবে তিনি সব রাজনৈতিক গোষ্ঠীর কাজকে অন্ধভাবে সমর্থনের বিপক্ষে মতামত দিয়ে বলেন, গণতান্ত্রিক ও মৌলিক স্বাধীনতার নীতির সঙ্গে আপস না করে সকল মুসলিম গোষ্ঠীর জন্য সংলাপের পথ খোলা রাখতে হবে।
ধর্মকে রাজনৈতিক ও সামাজিক জীবনে বিদ্বেষ তৈরির হাতিয়ার না বানিয়ে সহমর্মিতার উৎস হিসেবে দেখার তাগিদ দেন আনোয়ার ইব্রাহিম। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশনসের আলোচনায় তিনি বলেন, কেবল অর্থনৈতিক উন্নয়নই একটি রাষ্ট্রের একমাত্র লক্ষ্য হতে পারে না, এতে মানবিক সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে যায়। তিনি একজন চর্চাকারী মুসলিম হিসেবে নিজের পরিচয় স্পষ্ট করে জানান, ধর্ম বা বর্ণকে শত্রুতার কাজে লাগানো উচিত নয়। ধর্মনিরপেক্ষতার নামে যেমন ধর্মীয় সত্তা মুছে ফেলা অনুচিত, তেমনি ধর্মের দোহাই দিয়ে অন্যের নাগরিক অধিকার খর্ব করাও অন্যায্য। মালয়েশিয়ার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশটির ফেডারেল ধর্ম ইসলাম হলেও চীনা, ভারতীয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় প্রত্যেকেই জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কীভাবে সর্বজনীন ইনসাফ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের উদাহরণ হতে পারে, মালয়েশিয়া তা বাস্তবায়ন করে দেখাচ্ছে।
ইসলামবিদ্বেষ বা ইসলামোফোবিয়া মোকাবিলার ক্ষেত্রে তিনি আবেগধর্মী প্রতিবাদের বদলে জ্ঞানভিত্তিক ও কৌশলগত পদক্ষেপের ওপর প্রাধান্য দেন। ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মালয়েশিয়ার পুত্রজায়ায় আয়োজিত ‘আন্তর্জাতিক ফোরাম অন ইসলামোফোবিয়া: মিনিংফুল এনগেজমেন্ট থ্রু মাদানি ডিসকোর্স’-এর মূল বক্তব্যে তিনি স্পষ্ট জানান, ইসলামবিদ্বেষ একটি বাস্তব সমস্যা হলেও এর জবাব ঘৃণা দিয়ে নয়, যুক্তি ও সংলাপ দিয়ে দিতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয়, মুসলিমদের নিজস্ব সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও পূর্বধারণা কাটিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইতিবাচক যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। অতীতে ঘটে যাওয়া বৈষম্য স্মরণে রাখা গেলেও কেবল পুরনো ক্ষোভ আঁকড়ে ধরে ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়। এজন্য মালয়েশিয়ায় বসবাসরত অন্যান্য ধর্মের প্রতিনিধি ও বিশেষজ্ঞ এবং পশ্চিমা প্রাতিষ্ঠানিক প্রতিনিধিদের সমন্বয়ে ধারাবাহিক সংলাপের আহ্বান জানান তিনি।
পশ্চিমা বিশ্বে ধর্মীয় অবমাননার ঘটনায় তার ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রতিবাদের দৃষ্টান্ত উল্লেখযোগ্য। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের ইসলামিক কালচারাল সেন্টারে জুমার খুতবা প্রদানকালে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অজ্ঞতার জবাবে অসংবেদনশীল প্রতিক্রিয়া দেখানো অনুচিত। মহানবী (সা.)-এর শিক্ষা অনুযায়ী দয়া, অনুকম্পা ও প্রজ্ঞার মাধ্যমে ইসলামের পরিচয় তুলে ধরতে হবে। এই ঘটনার পর মালয়েশিয়া এক লাখ নয়, বরং বিশ্বজুড়ে ১০ লাখ পবিত্র কোরআনের অনুলিপি বিভিন্ন ভাষায় অনুবাদ ও বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে মানুষ নিজ উদ্যোগে কোরআনের প্রকৃত বাণী ও মানবিক শিক্ষা উপলব্ধি করার সুযোগ পায়। ঘৃণার বিপরীতে ইতিবাচক প্রচারই ধর্মীয় অবমাননার সবচেয়ে কার্যকর জবাব বলে তিনি অভিমত দেন।
মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ কোন্দল ও উম্মাহর রাজনৈতিক দুর্বলতা সম্পর্কে আনোয়ার ইব্রাহিমের দৃষ্টিভঙ্গি অত্যন্ত বাস্তবসম্মত। ২০২৪ সালের ৬ অক্টোবর কুয়ালালামপুরে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অনৈক্য ও অভ্যন্তরীণ বিবাদ মুসলিম দেশগুলোকে দুর্বল করে তুলছে, যার ফলে বাইরের শক্তি সহজেই হস্তক্ষেপ ও আক্রমণের সুযোগ পাচ্ছে। গাজা ও ফিলিস্তিনের সংকটের উদাহরণ দিয়ে তিনি জানান, সমন্বিত ঐক্য না থাকায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। তবে ঐক্যের নামে তাড়াহুড়া না করে ধৈর্য ও বিচক্ষণতার নীতি অনুসরণের পরামর্শ দেন তিনি। একই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা যাতে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী পায় তা নিশ্চিত করার তাগিদ দেন। উক্ত আয়োজনে তিনি মালয়েশিয়ার প্রায় দুই লাখ তাহফিজ শিক্ষার্থীর জন্য জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো আধুনিক ক্ষেত্রে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার সুযোগ সৃষ্টির কথা উল্লেখ করেন।
উম্মাহর সামগ্রিক ক্ষমতায়নে তিনি ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনকে অপরিহার্য মনে করেন। ২০২৪ সালের ১০ নভেম্বর মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স সেন্টারে ‘স্ট্রংগার টুগেদার: এ ভিশন ফর দ্য মুসলিম উম্মাহ থ্রু টেক, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট’ শীর্ষক বক্তৃতায় তিনি এ কথা বলেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ভাষণে তিনি আল-আজহারকে এক হাজার বছরের বেশি সময় ধরে চলা জ্ঞানচর্চার দিশারী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইউরোপীয় নবজাগরণের বহু আগেই আল-আজহারে প্রজ্ঞার বিকাশ ঘটেছিল। তবে কেবল অতীত ঐতিহ্য নিয়ে গর্ব করলেই চলবে না, সেই ঐতিহ্যকে বর্তমান গবেষণা, নতুন প্রযুক্তি ও অর্থনৈতিক উৎপাদনে রূপান্তরিত করতে হবে।
পরবর্তীকালে ২০২৫ সালের ১৯ জুলাই পুত্রজায়া মসজিদে আয়োজিত ‘মালয়েশিয়া বেরমুনাজাত ২০২৫’ অনুষ্ঠানে তিনি উলামা ও রাষ্ট্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার খবরে বলা হয়, সেখানে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মুসলিমদের প্রযুক্তি ও নৈতিকতার সমান্তরাল চর্চা করতে হবে, অন্যথায় তারা কেবল অন্যদের তৈরি প্রযুক্তির ভোক্তায় পরিণত হবে। তিনি বিশেষভাবে কওমি ও পন্ডক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূলধারার প্রযুক্তি, আইন, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনাসংক্রান্ত আধুনিক গবেষণায় যুক্ত করার তাগিদ দেন।
আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও মানবিক সহযোগিতার বিষয়ে আনোয়ার ইব্রাহিমের কণ্ঠস্বর শুরু থেকেই জোরালো। ২০২৩ সালের ১১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে আয়োজিত যৌথ আরব-ইসলামিক বিশেষ সম্মেলনে তিনি গাজায় ইসরাইলি সামরিক অভিযান, হাসপাতাল-উপাসনালয়ে নির্বিচার হামলা ও গণহারে বেসামরিক মানুষ হত্যার তীব্র প্রতিবাদ জানান। তিনি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা নিশ্চিতকরণ, বাস্তুচ্যুতি বন্ধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিচারে তদন্তের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্যোগ দাবি করেন। ২০২৪ সালের ১১ নভেম্বর রিয়াদে অনুষ্ঠিত পরবর্তী সম্মেলনেও তিনি গাজা পুনর্গঠন ও আন্তর্জাতিক ব্যবস্থার ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান। পরবর্তীতে ২০২৫ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার ইপোহ শহরে এক অনুষ্ঠানে গাজা পুনর্গঠনে সহায়তা দেওয়ার সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ দেশের সমস্যা থাকলেও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মৌলিক শিক্ষা।
নিজের ধর্মীয় ও রাজনৈতিক বিশ্লেষণে আনোয়ার ইব্রাহিম কেবল বাইরের কাঠামোর সমালোচনা করেননি, বরং মুসলিম সমাজ ও নেতৃত্বের ভেতরের ঘাটতিগুলোও ধরিয়ে দিয়েছেন। ২০০৫ সালের ১০ অক্টোবর রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, মুসলিম সমাজে চরমপন্থা দমনের মূল দায়ভার প্রথমত মুসলমানদেরই নিতে হবে। রাষ্ট্রগুলো যদি মুক্ত চিন্তার গণতান্ত্রিক পথ অবরুদ্ধ করে রাখে, তবে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়। ফলে একদিকে যেমন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, অন্যদিকে সমাজ ব্যবস্থার ভেতরে গণতান্ত্রিক ও নাগরিক সংস্কার নিশ্চিত করা জরুরি। বহুত্ববাদী রাষ্ট্রের প্রশাসনিক চ্যালেঞ্জ সামলে ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক শাসন ব্যবস্থার এই ভারসাম্যমূলক প্রয়োগই আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক দর্শনের মূলকথা।





