চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

Published: November 7, 2026, 3:32 pm

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগরে আয়োজিত বিএনপির একটি প্রচারণা কর্মসূচিতে হঠাৎ বেজে ওঠে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। শনিবার সকাল থেকেই চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকাসহ বিভিন্ন স্থানে মাইকে বিএনপির দলীয় গান ও ভাষণ প্রচার করা হচ্ছিল। একপর্যায়ে সেখানে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজতে শোনা যায়।

ঘটনাটির একটি ৩৬ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা ও সাইকেলসহ নানা ধরনের যানবাহন চলাচলের সময় মাইকে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে উঠছে। বিষয়টির ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার পর তা আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির স্থানীয় নেতাদের নজরে আসে।

এ বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা জানান, দিবসটি উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তাঁর নজরে এলেও ঠিক কারা গানটি বাজিয়েছেন, তা এখনো তিনি নিশ্চিত হতে পারেননি। অন্যদিকে, চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, সারাদিন দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, ফেসবুকে ভিডিওটি দেখে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকরা পুলিশকে জানিয়েছেন, ইউটিউব থেকে বিএনপির দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যেই একপর্যায়ে অসতর্কতাবশত শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে। বিষয়টি টের পাওয়ার পরপরই দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়। গানটি ইচ্ছাকৃতভাবে বাজানো হয়নি বলে নিশ্চিত করেছেন কর্মসূচির আয়োজকরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy