দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর

Published: November 8, 2026, 4:42 pm

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা বিএনপি এবং দল থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারীরা পৃথকভাবে পাল্টাপাল্টি আলোচনা সভা করেছেন। গত রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠ ও রহমানিয়া সুপার মার্কেটের সামনে অনুষ্ঠান দুটি অনুষ্ঠিত হয়। দুই সভাতেই নেতাকর্মীদের সমাগমে স্পষ্ট ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজিত সভায় কেন্দ্রীয় ও জেলা সারির শীর্ষ নেতারা মঞ্চে থাকলেও মঞ্জুরুল আহসান মুন্সীর সভায় তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান সারিতে উপস্থিত ছিলেন দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম এবং দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় ও জেলা নেতারা অংশ নিলেও এই অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সমাগম ছিল অপেক্ষাকৃত কম।

অন্যদিকে দেবিদ্বার পৌর এলাকার রহমানিয়া সুপার মার্কেটের সামনে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর আহ্বানে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুলসংখ্যক তৃণমূল নেতাকর্মী এই কর্মসূচিতে যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মাজেদা আহসান মুন্সী, সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, সম্প্রতি অব্যাহতি পাওয়া দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন এবং সদস্যসচিব কাজী মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উভয় কর্মসূচি শেষে ফেরার পথে দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পৌর এলাকার চান্দিনা রোডের সামনে গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় এবং যানবাহনের সামনের গ্লাস ভাঙচুর করা হয়। ভাঙচুরের এই ঘটনার সময় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

হামলার বিষয়ে ভুক্তভোগী নেতা এম এ আউয়াল খান জানান, অনুষ্ঠান শেষ করে ঢাকায় রওনা দেওয়ার মুহূর্তে চান্দিনা রোডে তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্র থেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগ প্রসঙ্গে দেবিদ্বার উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আবুল কালাম আজাদ বক্তব্য প্রদান করেন। তিনি জানান, সভা শেষে যখন তাঁরা মিছিল নিয়ে ফিরছিলেন, তখন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ তাঁরা সবাই মিছিলের পিছনের অংশে অবস্থান করছিলেন। তাই সামনের অংশে কী ঘটেছিল, তা তিনি সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না।

এদিকে ঘটনার বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির সময় তিনি সেখানে সরাসরি উপস্থিত থাকলেও উত্তেজিত তরুণ ও যুবকদের নিবৃত্ত করা সম্ভব হয়নি। এই সময় কোনো এক যুবক হাত দিয়ে থাপ্পড় মেরে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin