অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে রাজধানীর বিএএফ শাহীন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের দিন, ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে নেওয়া হবে স্নাতকোত্তর প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। এ ছাড়া এবার স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার আবেদনের সুযোগ দেওয়া হয়েছে, যার ফলে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়টিতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে মোট চারটি বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিষয়গুলো হলো—বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) এবং বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।
সাধারণ শিক্ষাবোর্ডের ক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) ২০২৩ বা ২০২৪ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। একই সঙ্গে ২০২৫ বা ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় পাস করা প্রার্থীদেরও সমতুল্য গ্রেড পেতে হবে।
ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ২০২২ বা ২০২৩ সালের জিসিই ও-লেভেল পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও ইংরেজিসহ অন্তত ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড বা সমমান অর্জন করতে হবে। পাশাপাশি ২০২৪ বা ২০২৫ সালের জিসিই এ-লেভেল পরীক্ষার অন্তত ৩টি বিষয়ে (পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত) ন্যূনতম ‘বি’ গ্রেড অথবা সমমানের ফল থাকতে হবে।
আবেদনকারীদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থী নির্ধারণ করা হবে। তিন বিষয়ে প্রাপ্ত মোট নম্বর সমান হলে পর্যায়ক্রমে প্রথমে গণিত, এরপর পদার্থবিজ্ঞান এবং সবশেষে রসায়নে পাওয়া নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে।
জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয় নিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্নাতক পর্যায়ের দুই ঘণ্টার ১০০ নম্বরের পরীক্ষায় গণিতে ৪০, পদার্থবিজ্ঞানে ৩০, রসায়নে ২০ এবং ইংরেজিতে ১০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে থাকবে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক ও ৪০ নম্বরের লিখিত প্রশ্ন। এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ের ১০০ নম্বরের পরীক্ষাটিও দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক ও ৪০ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন থাকবে। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://aaub.edu.bd/) এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত না হলেও আবেদন ফি বাবদ ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।





