বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর আঞ্চলিক পর্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা অসামান্য সাফল্য অর্জন করেছেন। গত শুক্রবার (৬ নভেম্বর) দেশের আটটি অঞ্চলে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতায় বেরোবির শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও গাণিতিক সমস্যা সমাধানের সক্ষমতার পরিচয় দিয়েছেন। প্রতিযোগিতায় সেরা ১০ জনের মধ্যে পাঁচজনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই বিজয়ীরা আগামী ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী তাদের অভিনন্দন জানিয়েছেন। উপাচার্য তার অভিনন্দন বার্তায় বলেন, "জাতীয় পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ গণিত অলিম্পিয়াডে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীর সেরা ১০-এর মধ্যে স্থান করে নেওয়া অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ অর্জন তাদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আমি বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই।"





