দক্ষিণ ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী এবং ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টার এই তুমুল লড়াইয়ে উভয় পক্ষের অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) উভয় পক্ষের সামরিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সামরিক সূত্র জানিয়েছে, সর্বশেষ এই সংঘর্ষে তাদের ১৭ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে লড়াইয়ে তাদের ৩১ জন যোদ্ধা নিহত হয়েছেন।
এই সংঘাতের মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদ বিমানবন্দরের কাছে ভয়াবহ আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ রাজধানীসহ দেশজুড়ে ‘শত্রুতাপূর্ণ আকাশপথের হুমকি’র সতর্কতা জারি করে। প্রত্যক্ষদর্শীরা রিয়াডে অন্তত একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন, যার পর সকালেই বিমানবন্দরের কাছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দৃশ্যমান হয়।
হুতিদের অগ্রযাত্রা রুখতে গত কয়েক বছরে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ডজনখানেক বিমান হামলা চালিয়েছে আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব। তবে এসব হামলা হুতিদের ঠেকাতে পারেনি। উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রতি রিয়াদ তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছে, যদিও সেই সহায়তা এখনো এসে পৌঁছায়নি।





