চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের অদূরে রেলবিট এলাকা পার হওয়ার সময় শিক্ষাসফরে যাওয়া যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
নিহতরা হলেন মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং ইসরাফিল (৫৬)। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পাশের একটি ইটভাটার শ্রমিকরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই ওই দুজনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে। ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটায় স্থানীয়রা প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং বাসটি পুকুর থেকে উদ্ধার করা হয়। বর্তমানে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





