চাটমোহরের হান্ডিয়ালে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Published: November 7, 2026, 7:08 am

দেশের অন্যান্য স্থানের মতো পাবনার চাটমোহর উপজেলার ১ নম্বর হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এসব প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও আমির হোসেন। বক্তারা শিক্ষার্থীদের মাঝে ৭ নভেম্বরের পটভূমি ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ আলম, শাহ্ আলম বিএসসি, ইলিয়াস হোসেন এবং সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক এদিন পত্রিকার চাটমোহর উপজেলা প্রতিনিধি এবং ত্রৈমাসিক 'চলনবিলের সময়' পত্রিকার সম্পাদক ও প্রকাশক লুৎফর রহমান হীরা। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin