ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভার সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, কেবল পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরই নয়, বরং বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার সময় এসেছে। শুক্রবার ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাড়খন্ডের গোড্ডা আসন থেকে নির্বাচিত এই এমপি এমন মন্তব্য করেন। উল্লেখ্য, এই গোড্ডাতেই শিল্পপতি আদানির বিতর্কিত তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।
নিশিকান্ত দুবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নীতির তীব্র সমালোচনা করে দাবি করেন, নেহরু তৎকালীন ত্রিপুরার অংশ নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর জোর করে পাকিস্তানকে হস্তান্তর করেছিলেন। তিনি বলেন, তৎকালীন ত্রিপুরার রাজা বীর বিক্রম সিং তাঁর রাজ্যের ভূখণ্ড হস্তান্তরের বিষয়ে নেহরুর কাছে প্রশ্ন তুলেছিলেন। রাজা জানতে চেয়েছিলেন, কোন অধিকারে নেহরু তাঁর রাজ্যের অংশবিশেষ নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত নিতে পারেন। তিনি নেহরুকে বলেছিলেন, তাঁর রাজ্যের ভালো-মন্দের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন—তিনি ভারতে থাকবেন, পাকিস্তানে যাবেন নাকি স্বাধীন থাকবেন, তা তাঁর নিজেরই ঠিক করার কথা ছিল।
বিজেপির এই সংসদ সদস্যের মতে, ১৯৪৬ সালের নোয়াখালীর দাঙ্গার সময় নেহরু পরিস্থিতির দিকে নজর না দিয়ে বরং মুসলিম লীগকে সরকারে ভেড়াতে বেশি আগ্রহী ছিলেন। নিশিকান্তের দাবি, ওই বছরের ১৫ অক্টোবর নোয়াখালীতে এক দিনেই ১০ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও নেহরু সেখানে যাননি। তিনি আরও অভিযোগ করেন, সিলেটে গণভোট পরিচালনাকারী বাহারুল ইসলাম ‘মুসলিম লীগ রেড আর্মি’র সদস্য ছিলেন এবং নোয়াখালী গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে কংগ্রেস তাঁকে পৃষ্ঠপোষকতা দিয়ে রাজ্যসভার সদস্য এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত বানিয়েছিল।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পেছনেও নেহরুর নীতিকে দায়ী করে নিশিকান্ত বলেন, ওই অঞ্চলে খনিজ সম্পদ ও মজুত গ্যাসের সদ্ব্যবহার করা যাচ্ছে না এবং বিচ্ছিন্নতাবোধ টিকে থাকার মূল কারণ হলো চট্টগ্রাম বন্দর হাতে না থাকা। তাই এখন এই অঞ্চলগুলো পুনরুদ্ধারের সময় এসেছে। ১৯৪৮ সালের অক্টোবর মাসে সরদার বল্লভভাই প্যাটেল সেনা পাঠানোর পর ত্রিপুরা রাজ্য আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় এবং তৎকালীন মহারানি কাঞ্চনপ্রভা দেবী ভারত অন্তর্ভুক্তি চুক্তিতে (ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন) সই করেছিলেন বলে তিনি জানান।
নিশিকান্তের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেছেন, দেশভাগের সময় তাঁর দাদিকে অন্ধকারে রেখে ত্রিপুরার বিশাল অংশ পাকিস্তানকে দেওয়া ছিল এক ঐতিহাসিক ভুল। তাঁর মতে, চট্টগ্রাম বন্দর বর্তমানে তাঁদের হাতে থাকলে ভারতকে ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো না। উল্লেখ্য, নিশিকান্ত দুবে এর আগেও নানা বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনাম হয়েছেন, যার মধ্যে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ এবং বিহারের কাটিহার ও কিষানগঞ্জ নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি অন্যতম।





