দেশের বাজারে টানা তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর এবার সোনার দাম কিছুটা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শুক্রবার সকালে সোনার নতুন দর ঘোষণা করেছে, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনা থেকে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮৩ টাকা বাড়ানো হয়েছিল, যার ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় পৌঁছেছিল। তবে নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
অন্যান্য মানের সোনার ক্ষেত্রেও দাম কমানো হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ৬২৪ টাকা কমে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি গয়না ২ হাজার ২৭৫ টাকা কমে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গয়নার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গয়নার দাম ৩ হাজার ৪৯৯ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গয়নার দাম ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।





