যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি সংলগ্ন বিস্কেইন বে উপসাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্তে ১ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে বিল ব্যাগস স্টেট পার্কের কাছে ‘রবিনসন আর৪৪-২’ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে।
মায়ামি-ডেড শেরিফের কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, পানিতে অবস্থানরত নৌযানের ভিডিও ধারণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটির ৩ আরোহীকে উদ্ধার করে। তবে আহতদের মধ্যে একজনকে বাঁচানোর চেষ্টা করলেও উদ্ধারকারীরা ব্যর্থ হন। আশঙ্কাজনক কিন্তু স্থিতিশীল অবস্থায় বাকি দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। এটি অনুসন্ধানে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জোর তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে হওয়া ভারী বৃষ্টিপাত এই দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের কাছে একটি লিয়ারজেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হন। মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও কাজ করছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।





