ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে যেন এক দুঃস্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ১১ মিনিটে মাতিয়াস সোলে এবং ১৭ মিনিটে পেনাল্টি থেকে ডনিয়েল মালেনের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারিতেও ছিল উত্তপ্ত পরিস্থিতি; মালিক গ্লেজার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমর্থকদের একাংশ মাঠে টেনিস বল ছুড়ে মারেন। প্রথমার্ধ শেষে স্বাগতিক দল কোনো গোল শোধ করতে না পারায় হারের আশঙ্কাই প্রবল হয়ে উঠেছিল।
তবে বিরতির পর সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা দেয় ইউনাইটেড। ৫৮ মিনিটে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। গোলরক্ষক দেভিস ভাসকেজ প্রথমবার পেনাল্টি ঠেকিয়ে দিলেও রোমার খেলোয়াড়রা বক্সে আগে ঢুকে পড়ায় দ্বিতীয়বার সুযোগ পান পর্তুগিজ মিডফিল্ডার, যা থেকে তিনি গোল করতে ভুল করেননি। এই গোলের পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা।
ম্যাচের ৮৩ মিনিটে রোমার রক্ষণভাগের ভুলে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা। এর তিন মিনিট পর শিয়া লেসির পাস থেকে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। তবে গোল উদ্যাপনে জার্সি খোলায় হলুদ কার্ড দেখা কুনহা যোগ করা সময়ে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের শিকার হয়ে মাঠ ছাড়েন। শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হলেও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা নয় ম্যাচ জয়হীন থাকার পর এই জয় মাইকেল ক্যারিকের দলের জন্য ছিল অত্যন্ত স্বস্তির।





