বিশ্বের বিভিন্ন মেগাসিটির মতো ঢাকাও বর্তমানে বায়ুদূষণের কবলে পড়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দূষিত শহরের বৈশ্বিক তালিকায় রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। এ সময় ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৫৪, যা নির্দেশ করে যে এখানকার বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' পর্যায়ে রয়েছে।
বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচকের স্কোর ৩৮৬, যার অর্থ সেখানকার বাতাস বর্তমানে 'দুর্যোগপূর্ণ' অবস্থায় রয়েছে।
তালিকায় লাহোরের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যাদের স্কোর ২৪৯। দূষণের দিক থেকে ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা চীনের বেইজিংয়ের স্কোর ১৭৩ এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৫৫।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর থাকলে বাতাসের মান 'ভালো' ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা 'মাঝারি বা সহনীয়' হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ স্কোর 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি হলে তা 'দুর্যোগপূর্ণ' হিসেবে গণ্য করা হয়।





