গোনাহ মাফের জন্য কোরআনে বর্ণিত বিশেষ দোয়া ও আমল

Published: November 4, 2026, 4:08 am

পরকালে জান্নাত লাভের প্রত্যাশায় গোনাহমুক্ত জীবনযাপন করা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। কোরআনের বিভিন্ন সুরায় আল্লাহতায়ালা বান্দাদের গোনাহ মাফের দোয়া শিখিয়েছেন। এই দোয়াগুলো নিয়মিত পাঠ করা গোনাহ মাফের একটি কার্যকর আমল।

১. রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। অর্থ: হে আমার রব! নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। (সুরা কসাস: ১৬)।

২. রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রহিমিন। অর্থ: হে আমাদের রব! আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সুরা মোমিনুন: ১১৮)।

৩. রব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কদির। অর্থ: হে আমাদের রব! আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্ব ক্ষমতাবান। (সুরা তাহরিম: ৮)।

৪. রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওওয়াবুর রহিম। অর্থ: হে আমাদের রব! আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময়। (সুরা বাকারা: ১২৭-১২৮)।

৫. রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা জুনুবানা ওয়াকিনা আজাবান্নার। অর্থ: হে আমাদের রব! নিশ্চয় আমরা ঈমান এনেছি। অতএব, আমাদের গোনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। (সুরা আলে ইমরান: ১৬)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh