পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ

Published: November 4, 2026, 3:58 am

রাজধানীর পল্লবীতে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এই বিস্ফোরণগুলো ঘটে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

আহত ওই কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করেন। বিস্ফোরণের পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কুরিয়ার সার্ভিসের সামনে প্রথমে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর ঠিক কিছুক্ষণ পরেই আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় বিস্ফোরণের সময় সেখানে কাজ করা ওই কর্মচারীর শরীরে আগুন লেগে যায়, যার ফলে তিনি গুরুতর আহত হন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh