নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে দ্রুত জোট গঠনে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

Published: November 4, 2026, 2:39 am

ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দ্রুত ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একজোট হয়েছে দেশটির প্রধান চারটি বিরোধী ইহুদি দল। গত মঙ্গলবার (৩ নভেম্বর) এক বৈঠকে মিলিত হয়ে দলগুলোর নেতারা অবিলম্বে জোট গঠনের আলোচনা শুরু করতে এবং আগামী সপ্তাহে নতুন পার্লামেন্টের (নেসেট) শপথ গ্রহণের আগেই তাদের সংসদীয় কৌশল বাস্তবায়নে সম্মত হয়েছেন।

যৌথ এক বিবৃতিতে ইয়াশার নেতা গাদি আইজেনকট, বি’ইয়াহাদ চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস প্রধান ইয়ার গোলান ও ইসরায়েল বেইতেনু প্রধান অ্যাভিগদার লিবারম্যান কট্টরপন্থি নেতানিয়াহু সরকারকে দ্রুত হটানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দলগুলোর নেতারা একমত হন যে, তারা ৭ অক্টোবরের সরকারকে সরিয়ে একটি জাতীয় জরুরি সরকার গঠন করবেন এবং নেসেটের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেবেন। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে নতুন সরকার গঠনের প্রথম ম্যান্ডেট বা দায়িত্ব যেন গাদি আইজেনকট পান, সে বিষয়েও বিরোধী নেতারা তাঁদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকে নেতারা ইয়াশার প্রধান গাদি আইজেনকটের প্রস্তাবিত চারটি মূল নীতির ওপর ভিত্তি করে জোট গঠনের রূপরেখা ও চুক্তি তৈরির সিদ্ধান্ত নেন। এই নীতিগুলোর মধ্যে রয়েছে—ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণার মূল মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকা, দেশের সব নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করে গাজায় তাদের সামরিক সক্ষমতা ধ্বংস ও শাসনের অবসান ঘটানো।

তবে আরব দলগুলোকে বাদ দিয়ে এই বিরোধী ইহুদি জোট কীভাবে সরকার গঠন করবে, সে বিষয়টি এখনো অস্পষ্ট। কারণ বিরোধী ইহুদি নেতাদের কেউ কেউ আগেই আরব দলগুলোকে জোটে নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানিয়াহুর জোট। তাঁর পক্ষে গেছে ৫৩টি আসন, বিপরীতে বিরোধী চার ইহুদি দল পেয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসনে জয় পেয়েছে দুটি আরব দল। ফলে কেবল আরব দলগুলোর সমর্থন পেলেই বিরোধী দলগুলো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবে, যার কারণে নতুন সরকার গঠনের পুরো প্রক্রিয়াটি এখনো অনিশ্চয়তার মুখে রয়েছে। তা সত্ত্বেও, বিরোধী দলগুলোর প্রতিনিধিরা অবিলম্বে জোটের চুক্তি ও নীতিগত রূপরেখা নির্ধারণের কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh