মার্কিন মধ্যবর্তী নির্বাচন: গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিল ডেমোক্রেটরা, ফলাফলে নতুন মোড়

Published: November 4, 2026, 2:42 am

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা ও ফলাফল প্রকাশ শুরু হয়েছে। প্রাথমিক ফলাফল ও ট্রেন্ডে ডেমোক্রেটদের সুবিধাজনক অবস্থানের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। শুরুতেই ডেমোক্রেট প্রার্থীরা রিপাবলিকানদের হাত থেকে একটি গুরুত্বপূর্ণ সিনেট আসন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের বেশ কয়েকটি আসন অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছেন। তবে চূড়াকান্ত ফল জানতে হলে এখনও অপেক্ষা করতে হবে।

নির্বাচনী ফলাফলে সবচেয়ে বড় চমক দেখা গেছে নর্থ ক্যারোলাইনায়। সেখানে জয়লাভ করেছেন সাবেক গভর্নর রয় কুপার। এর মাধ্যমে ২০০৮ সালের পর এই প্রথমবারের মতো রাজ্যটিতে কোনো ডেমোক্রেট সিনেটর নির্বাচিত হলেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার লড়াইয়ে এই আসনটির জয় ডেমোক্রেটদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ছাড়া জর্জিয়ায় ডেমোক্রেট প্রার্থী জন ওসফ এবং নিউ হ্যাম্পশায়ারে ক্রিস পাপাস বিজয়ী হয়ে নিজেদের জয় ধরে রেখেছেন। অন্যদিকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী মার্ক ওয়ার্নার।

ফ্লোরিডার নির্বাচনী লড়াইয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে এক প্রগতিশীল প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ইউএস সিনেট আসনে জয় ছিনিয়ে নিয়েছেন অ্যাশলে মুডি। ফ্লোরিডায় ডেমোক্রেট ক্যাথি কাস্টর তার পুনর্গঠিত হাউস আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছেন। একই রাজ্যে রিপাবলিকানদের অনুকূলে আসন পুনর্গঠন করা হলেও ফ্লোরিডা হাউস রেসে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জ্যারেড মস্কোউইটজ। এ ছাড়া ফ্লোরিডার অন্য একটি হাউস আসনে জয় নিশ্চিত করেছেন ডেবি ওয়াসারম্যান শুল্টজ।

এখন পর্যন্ত দেশটির ১৯টি অঙ্গরাজ্য এবং রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। বুথফেরত এক জরিপের তথ্য অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৩৯ শতাংশই দেশের অর্থনীতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া ৩২ শতাংশ ভোটার গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত। ভোটার উদ্বেগের পরবর্তী তালিকায় রয়েছে অভিবাসন (১৪ শতাংশ) এবং স্বাস্থ্যসেবা খাত (৮ শতাংশ)। জরিপে আরও উঠে এসেছে যে, প্রায় ৬০ শতাংশ ভোটার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দায়িত্ব পালনের ধরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং ৭০ শতাংশ ভোটার মনে করছেন যে কংগ্রেস প্রেসিডেন্টের ওপর পর্যাপ্ত নজরদারি চালাতে ব্যর্থ হচ্ছে।

নির্বাচনের এই ফল প্রকাশের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজে নির্বাচনের খবরাখবর রাখছিলেন। তবে ডেমোক্রেট কৌশলবিদ জেসিকা টারলভের একটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। সেই পোস্টে তিনি জেসিকাকে ‘বোকা’ বলে উল্লেখ করে সমালোচনা করেন। প্রাথমিক ফলাফলের এই প্রবণতা ডেমোক্রেট শিবিরের জন্য আশা জাগানিয়া হলেও বেশ কিছু মূল আসনের গণনার কাজ এখনো চলমান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin